চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নিট মুনাফায় ভালো প্রবৃদ্ধি হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডসের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ওষুধ খাতের কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ২৬ শতাংশ। মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে ফার্মা এইডসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৭৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩ কোটি ৭৯ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ১ কোটি টাকা বা ২৫ দশমিক ৮১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ১২ টাকা ১৭ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৩ টাকা ১৫ পয়সায়।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ফার্মা এইডসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৪৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ কোটি ২৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৬৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৪ টাকা ১২ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফার্মা এইডস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫ কোটি ২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল ৫ কোটি ২৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে ২২ লাখ টাকার বেশি বা ৪ দশমিক ২২ শতাংশ।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ৮২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৩ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৮২ টাকা ৫৪ পয়সা।
২০২০ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ওই হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১৬ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৮২ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৭১ টাকা ৮ পয়সা।
এর আগে ২০১৮ হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এছাড়া ২০১৭ ও ২০১৬ হিসাব বছরে যথাক্রমে ৩৫ ও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ফার্মা এইডসের অনুমোদিত মূলধন ৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩ কোটি ১২ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩১ লাখ ২০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ২৪ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২ দশমিক ৯১ শতাংশ ও বাকি ৬২ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮৪৯ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৭৯ টাকা ও ৯০৫ টাকা।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ৫২ দশমিক ৭৫। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৩৯ দশমিক ৭৫।










