শক্তিশালীভাবে বছর শুরু করেছে ম্যাসি’স। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব সত্ত্বেও ফেব্রুয়ারি-এপ্রিল সময়ে বিক্রি বেড়েছে মার্কিন ডিপার্টমেন্ট স্টোর চেইনটির। এজন্য সংস্থাটি পুরো বছরের জন্য মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে। খবর এপি।

কভিড-১৯ মহামারীর শুরু থেকেই বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। শ্রম থেকে পরিবহন পর্যন্ত খাতটি ক্রমবর্ধমান ব্যয়ের মুখোমুখি হয়েছে। তবে গ্রাহকদের অফিসে ফেরার এবং পুনরায় স্বাভাবিক জীবনে ফেরার সঙ্গে সঙ্গে দ্রুত কেনাকাটার আচরণের সঙ্গে সামঞ্জস্য করতে পেরেছে ম্যাসি’স।

মেসি’স জানিয়েছে, ৩০ এপ্রিল শেষ হওয়া সর্বশেষ তিন মাসে ২৮ কোটি ৬০ লাখ ডলার মুনাফা পেয়েছে প্রতিষ্ঠানটি। শেয়ারপ্রতি এ মুনাফার পরিমাণ ৯৮ সেন্ট। গত বছরের এ সময়ে সংস্থাটির মুনাফার পরিমাণ ছিল ১০ লাখ ৩০ হাজার বা শেয়ারপ্রতি ৩২ সেন্ট। এ সময়ে সংস্থাটির বিক্রি ৫৩৫ কোটি ডলারে উন্নীত হয়েছে। এ বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বেশি। এ সময়ে বিশ্লেষকরা ৫৩৩ কোটি ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিলেন।

ফেব্রুয়ারি-এপ্রিল সময়ে ম্যাসি’সের অন্তত এক বছর আগে খোলা দোকানের বিক্রি ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ পরিসংখ্যানে সংস্থাটির প্রসাধনীর মতো লাইসেন্সকৃত ব্যবসাও অন্তর্ভুক্ত রয়েছে। কভিডজনিত বিধিনিষেধ না থাকায় সংস্থাটির দোকানে বিক্রি ব্যাপক হারে বেড়ে যায়। আর এ কারণেই সংস্থাটির অনলাইনে বিক্রি মাত্র ২ শতাংশ বেড়েছে।

চলতি বছর শেয়ারপ্রতি ৪ ডলার ৫৩ সেন্ট থেকে ৪ ডলার ৯৫ সেন্ট মুনাফার আশা করছে সংস্থাটি। যেখানে সংস্থাটির আগের পূর্বাভাস ছিল ৪ ডলার ১৩ সেন্ট থেকে ৪ ডলার ৫২ সেন্ট। বিশ্লেষকরা চলতি বছরের জন্য শেয়ারপ্রতি ৪ ডলার ৩৩ সেন্ট মুনাফার পূর্বাভাস দিয়েছেন। এ পূর্বাভাস দেয়ার পর সংস্থাটির শেয়ারদর ৩ ডলার ৭১ সেন্ট বা ১৯ শতাংশ বেড়ে যায়।

ম্যাসি’স জানিয়েছে, ৭৫ হাজার ডলারের নিচে আয় করাসহ সব আয়ের পরিবারগুলো ব্যয় বাড়িয়েছে। যদিও মূল্যস্ফীতি নিম্ন আয়ের গ্রাহকদের ওপর আরো আর্থিক চাপ যুক্ত করেছে।