চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে প্রায় ৭৮ শতাংশ। আলোচ্য সময়ে আমানতের সুদহার কম হওয়া এবং নিট বিনিয়োগ আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকটির সমন্বিত ইপিএসে প্রবৃদ্ধি হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৮৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ৩৮ পয়সা বা ৭৭ দশমিক ৫৫ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮১ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৬৫ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে।










