যুক্তরাজ্যে বাড়ির দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গত বছরের ডিসেম্বরে দেশটিতে মাসভিত্তিক বাড়ির দাম টানা চতুর্থ মাসের মতো সংকুচিত রয়েছে। অর্থনীতি ধীর হয়ে পড়ায় বাড়ির দাম আরো কমে যাবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর দ্য গার্ডিয়ান।
ব্যাংকিং কোম্পানি হ্যালিফ্যাক্সের মাসিক হাউজ প্রাইস ইনডেক্স অনুসারে, ডিসেম্বরে বাড়ির দাম আগের মাসের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে। নভেম্বরে এটি ২ দশমিক ৪ শতাংশ কমেছিল। এছাড়া দেশটিতে বাড়ির দাম অক্টোবরে দশমিক ৪ শতাংশ এবং সেপ্টেম্বরে দশমিক ১ শতাংশ কমে গিয়েছিল।
বাড়ির দাম মাসভিত্তিক হিসেবে বাড়লেও এক বছর আগের তুলনায় কিছুটা বেড়েছে। যদিও সে হারও ধীর হয়েছে। গত ডিসেম্বরে বাড়ির দাম আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়েছে। যদিও নভেম্বরে বাড়ার এ হার ছিল ৪ দশমিক ৬ শতাংশ। গত মাসে বাড়ির বছরওয়ারি দাম বাড়ার হার ২০১৯ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। সে সময় দেশটিতে বাড়ির দাম বেড়েছিল ১ দশমিক ১ শতাংশ। কয়েক মাস ধরেই যুক্তরাজ্যের আবাসন বাজার একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর ব্যাংক অব ইংল্যান্ড নয়বার সুদের হার বাড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক মনে করে, ব্রিটিশ অর্থনীতি ১০০ বছরের মধ্যে দীর্ঘতম মন্দায় প্রবেশ করেছে।
হ্যালিফ্যাক্স জানিয়েছে, ডিসেম্বরে যুক্তরাজ্যে বাড়ির দামের গড় ২ লাখ ৮১ হাজার ২৭২ পাউন্ডে দাঁড়িয়েছে। এটি আগস্টে বাড়ির দামে রেকর্ড হওয়া ২ লাখ ৯৪ হাজার পাউন্ডের চেয়ে ৪ দশমিক ৩ শতাংশ কম। যদিও গত মাসের এ দাম ২০২২ সালের শুরুর দিকের চেয়ে ওপরে রয়েছে।










