দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় সব সূচক বেড়েছে। আজ মঙ্গলবার এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেয়া সিকিউরিটিজগুলোর মধ্যে প্রায় ৫৬ শতাংশের দর বেড়েছে। আর লেনদেন হয়েছে সাড়ে ৬০০ কোটি টাকার বেশি।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। মাঝে সূচকটি কিছুটা কমলেও দেড় ঘণ্টা পর সূচকটি আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৮৬ এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২০৮টির বা ৫৫ দশমিক ৬১ শতাংশের, কমেছে ৮২টির বা ২১ দশমিক ৯৩ শতাংশ। অপরবর্তিত রয়েছে ৮৪টির বা ২২ দশমিক ৪৬ শতাংশ সিকিউরিটিজের বাজার দর। এসময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে ৬৫৬ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।










