বিশ্বের বৃহত্তম ক্যানোলা উৎপাদন হওয়া কানাডায় তেলবীজটির ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি রফতানি চাহিদা থাকায় গত সপ্তাহে শস্যটির দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। গত সপ্তাহের শেষে ক্যানোলার দাম প্রতি টন ৭০০ কানাডিয়ান ডলারে পৌঁছেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ। খবর রয়টার্স।
করোনাভাইরাস মহামারীতে ক্রেতারা খাদ্য মজুদে মনোযোগ দেয়ায় বিশ্বজুড়ে প্রধান পণ্যগুলো সরবরাহ কমে গেছে। উজ্জ্বল হলুদ ফুলের জন্য পরিচিত ক্যানোলার তেল মূলত ফ্রেঞ্চ ফ্রাই, মেয়োনিজ ও সালাদে ব্যবহার করা হয়। শস্যটি কিছু প্রাণীর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়।
গ্রীষ্মের শেষে বীজ ও তেলের জন্য ক্যানোলার তুমুল রফতানি চাহিদার কারণে কৃষকরা স্বাভাবিকের চেয়ে আরো বেশি ফসল বিক্রি করেছিল। ব্যবসায়ীরা ২০২০ সালে আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি ক্যানোলা রফতানি করেছেন। এর মধ্যে শীর্ষ ক্রেতা দেশ ছিল চীন। কানাডার রফতানিকারক রিচার্ডসন ইন্টারন্যাশনাল ও ভিটেরার বিরুদ্ধে অব্যাহত প্রতিবন্ধকতা সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে চীনে দ্বিগুণের বেশি ক্যানোলা রফতানি করেছিল।










