ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক আশিক মোসাদ্দিক। গতকাল সোমবার তিনি এ পদে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুসারে, চার বছরের জন্য অধ্যাপক আশিক মোসাদ্দিককে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেন।
অধ্যাপক আশিক মোসাদ্দিক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৯৩ সালে বি. ফার্ম ও ১৯৯৪ সালে এম. ফার্ম ডিগ্রি পান। এরপর ১৯৯৮ সালে রাবির ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।
অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি থেকে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আশিক মোসাদ্দিক। পরে তিনি ২০০৮-১০ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় পোস্টডক্টরাল গবেষণা করেন। এর মধ্যে আশিক মোসাদ্দিক ২০১১-১২ সালে ব্র্যাক ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও ২০১৭-১৯ সাল পর্যন্ত সৌদি আরবের দাম্মাম বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগে রিসার্চ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে ফার্মেসিবিষয়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১১ সালে আশিক মোসাদ্দিক ‘উন্নয়নশীল দেশ ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমি’ থেকে গবেষণায় অবদানের জন্য ‘ইয়াং সায়েন্টিস্ট গোল্ড মেডেল’ অর্জন করেন। —বিজ্ঞপ্তি









