সোর্সিং অ্যাট ম্যাজিকের হেড অব সেলস পিনার ভ্যান ডার ভেগেট এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাইক হেনেসি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে বৈঠক করেন। এ সময় যুক্তরাষ্ট্রে বাজারের সুযোগ অন্বেষণে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
গতকাল বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানি সম্প্রসারণ এবং বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়াবলি। বৈঠকে উভয় পক্ষই ২০২৪ সালের আগস্টে লাস ভেগাসে সোর্সিং অ্যাট ম্যাজিক কর্তৃক আয়োজিতব্য আসন্ন পোশাক প্রদর্শনীতে বাংলাদেশী রফতানিকারকদের অংশগ্রহণের বিষয় নিয়ে কথা বলেন।
তারা বিজিএমইএ সভাপতি ফারুক হাসানকে প্রদর্শনীর বিভিন্ন দিক এবং সম্ভাব্য মার্কিন ক্রেতারা, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে পোশাক ক্রয় করেন না, তাদের কাছে বাংলাদেশের পোশাক শিল্পের শক্তি ও সক্ষমতা উপস্থাপনের কৌশলগত উপায়গুলো সম্পর্কে অবহিত করেন।
ফারুক হাসান যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে নিরাপদ ও টেকসই সোর্সিং গন্তব্য হিসেবে বাংলাদেশকে তুলে ধরার ওপর জোর দেন। উভয় পক্ষই প্রদর্শনীতে বিজিএমইএর সদস্য কারখানাগুলোর অংশগ্রহণের সুবিধার্থে সহযোগিতা করতে সম্মত হয়েছেন, যাতে মার্কিন বাজারের সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা যায়।










