ভারতে জ্বালানি পণ্যের চাহিদা বেড়ে নয় মাসের সর্বোচ্চে পৌঁছেছে। ডিসেম্বরে চাহিদার পরিমাণ ছিল ১ কোটি ৯৬ লাখ টন। জ্বালানি তেলবিষয়ক মন্ত্রণালয়ের অধীন পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত মাসে জ্বালানি পণ্যের ব্যবহার ২০২১ সালের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। তাছাড়া এক মাসের ব্যবধানে বেড়েছে ৪ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, করোনা মহামারীর প্রভাব শিথিল হওয়ায় দেশটি শিল্প খাতের কার্যক্রমে শক্তিশালী হয়ে উঠেছে, যা ব্যবহার বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে। এছাড়া গাড়ি বিক্রি বাড়ায় জ্বালানির চাহিদায় উল্লম্ফন দেখা দিয়েছে। শীর্ষ অর্থনীতিগুলোয় গত বছর জ্বালানি পণ্যের চাহিদা সবচেয়ে বেশি বেড়েছে ভারতে। চলতি বছরও এ ধারা অব্যাহত থাকবে।

গত মাসে গ্যাসোলিন ও পেট্রল বিক্রি ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২৯ লাখ ৮০ হাজার টনে। রান্নার কাজে ব্যবহূত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ লাখ ৮০ হাজার টনে।