নভেম্বরে হংকংয়ে বাড়ির দাম কমে গেছে ৩ দশমিক ৩ শতাংশ। ২০১৭ সালের পর এবারই শহরটিতে বাড়ির দাম সর্বনিম্ন হয়েছে। গত বুধবার প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আবাসন বাজারের নাম হংকং। ২০০৮ সালের পর এবারই সবচেয়ে বেশি বার্ষিক পতনের মুখে পড়েছে বাজারটি। বছরের শুরুতেই ভয়াবহ কভিড-১৯ প্রাদুর্ভাবের মুখোমুখি হয় শহরটি। এরপর দুর্বল অর্থনৈতিক অবস্থা এবং ক্রমবর্ধমান বন্ধকি ঋণের কারণে এশিয়ার অর্থনৈতিক কেন্দ্রে বাড়ির দামে বেশ ওঠানামা দেখা যায়। এতে অক্টোবরে দাম ২ দশমিক ৭ শতাংশ কমে যাওয়ার পর নভেম্বরেও নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সব মিলিয়ে বছরের প্রথম ১১ মাসে হংকংয়ে বাড়ির দাম কমল ১৩ দশমিক ৮ শতাংশ।
এদিকে হংকংয়ের আবাসন খাতে পুরো বছরের লেনদেনের পরিমাণ এক দশকের সর্বনিম্নে নেমেছে। যদিও মূলভূমি চীনের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগামী বছর সেই পরিস্থিতি থেকে কিছুটা উত্তরণ ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।
আবাসন খাতের পরামর্শক প্রতিষ্ঠান কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ডের প্রত্যাশা, আগামী বছর বাড়ির দাম চলতি বছরের তুলনায় ৫ শতাংশ পর্যন্ত কম হতে পারে। তাছাড়া দ্বিতীয়ার্ধে গিয়ে সুদহারের ক্রমবর্ধমান প্রবণতা ধীর হওয়ায় দাম কিছুটা স্থিতিশীল থাকবে। আরেক পরামর্শক প্রতিষ্ঠান জেএলএল পূর্বাভাস দিয়েছে, আগামী বছর দাম কমে যাবে আরো ১০ শতাংশ।










