ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রয়াত উদ্যোক্তা মুহাম্মদ শাহজাহানের ধারণ করা ১৭ লাখ ৬২ হাজার ৫০০টি শেয়ার নমিনি হিসেবে তার স্ত্রী সৈয়দা নাসরাত শাহজাহানের কাছে হস্তান্তর করা হবে। গত বছরের ৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে ডেল্টা লাইফের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৪ হাজার ১০১ কোটি ৭৮ লাখ টাকায়, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ হাজার ৯০৫ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির জীবন বীমা তহবিল বেড়েছে ১৯৬ কোটি ২ লাখ টাকা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের একই হারে লভ্যাংশ দিয়েছে ডেল্টা লাইফ। কোম্পানিটির পর্ষদ সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। ডেল্টা লাইফ সমাপ্ত ২০১৮ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সমাপ্ত ২০১৭ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ, সমাপ্ত ২০১৬ হিসাব বছরে ২০ শতাংশ নগদ ও সমাপ্ত ২০১৫ হিসাব বছরে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডেল্টা লাইফ।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর ৪৮ দশমিক ২৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৩১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭১ টাকা ২০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৬০ টাকা ৮০ থেকে ৯৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।










