পোল্যান্ডের কয়লা উত্তোলন খাতে মন্দা ভাব বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটির নিজস্ব কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশের বেশি কমে ৩ কোটি ৫৮ লাখ টনের নিচে নেমে এসেছে। দেশটির সেন্ট্রাল স্ট্যাটিস্টিকস অফিসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য ফার্স্ট নিউজ।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে পোল্যান্ডের নিজস্ব কূপগুলো থেকে সব মিলিয়ে ৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ।
চলতি বছরের আগস্টে পোল্যান্ডের নিজস্ব কূপগুলো থেকে সব মিলিয়ে ৪২ লাখ ৪০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ১৫ দশমিক ৮ শতাংশ। শুধু আগের মাসের একই সময়ের তুলনায় নয়, বরং চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগস্টে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ১৫ দশমিক ৩ শতাংশ।
এদিকে পোল্যান্ডে কয়লার ব্যবহার শূন্যে নামিয়ে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দেশটিতে বিদ্যুৎ খাতের সিংহভাগ আসে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো থেকে। তবে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা ও জলবায়ু পরিবর্তনের লাগাম টানার প্রশ্নে সচেতনতা বেড়ে যাওয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ থেকে সরে আসছে ইউরোপের এ দেশ।
পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হস্তক্ষেপ না ঘটলে ২০৩৫ সালের মধ্যে কয়লার ব্যবহারমুক্ত দেশ হতে পারে পোল্যান্ড। তবে দেশটির সরকারের কার্যক্রম দেখে মনে হয় এ লক্ষ্য পূরণের জন্য ২০৬০ সাল পর্যন্ত সময় নিতে পারে পোল্যান্ড।










