ফিউচারস মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। প্রতিদ্বন্দ্বী পণ্য সয়াবিন তেলের দাম কমায় নিম্নমুখী হয়ে ওঠে পাম অয়েলের বাজার। এছাড়া মার্চে ঊর্ধ্বমুখী রফতানিকেও দাম কমার পেছনে দায়ী করা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার।
তথ্য বলছে, বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুনে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম ৪৫ রিঙ্গিত বা দশমিক ৭৯ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫ হাজার ৬৬০ রিঙ্গিত বা ১ হাজার ৩৪৪ ডলার ৪২ সেন্টে। এ নিয়ে তিন কার্যদিবসে বাজার আদর্শটির দাম কমল।
পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানায়, মার্চে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ৬ দশমিক ৭ থেকে ৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর মধ্যে চীন ও ভারতের বাজারে সর্বাধিক পাম অয়েল রফতানি করা হয়েছে।
শিকাগো বোর্ড অব ট্রেডে একদিনের ব্যবধানে প্রায় ৩ শতাংশ কমেছে সয়াবিন তেলের দাম। চলতি বছর যুক্তরাষ্ট্রে সয়াবিন উৎপাদন রেকর্ড পর্যায়ে পৌঁছার পূর্বাভাস প্রকাশের পরই পণ্যটির দাম কমেছে। মার্কিন কৃষি বিভাগ (্ইউএসডিএ) এ পূর্বাভাস দেয়।
এদিকে ডালিয়ান এক্সচেঞ্জে সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ চুক্তি দশমিক ৩ শতাংশ কমেছে। পাম অয়েলের কমেছে ১ দশমিক ৫ শতাংশ। সম্প্রতি রাশিয়া জানায়, দেশটি সূর্যমুখী তেল রফতানি বন্ধ করে দেবে। আগস্ট পর্যন্ত রফতানি বন্ধ থাকবে। অন্যদিকে স্থানীয় বাজারে সংকট কমাতে রফতানি শুল্কও আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ান পাম অয়েলের মজুদ ১০ মাসের সর্বনিম্নে নেমেছে। উৎপাদন কমে আসা ও রফতানির পরিমাণ বাড়ায় মজুদে নেতিবাচক প্রভাব পড়েছে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে পাম অয়েল মজুদ ১১ দশমিক ৪ শতাংশ কমে ১৩ লাখ ৮০ হাজার টনে নেমেছে, যা ২০২১ সালের মার্চের পর সর্বনিম্ন। দেশটিতে এক মাসের ব্যবধানে পাম অয়েল উৎপাদন ৫ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৯০ হাজার টনে, এটিও ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
তবে ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার পাম অয়েল রফতানির পরিমাণ ৮ শতাংশ বেড়ে ১২ লাখ ৫০ হাজার টনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাজার পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলো। বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়ায় বিভিন্ন রফতানি শর্তের কারণে ক্রেতারা মালয়েশিয়ার দিকে ঝুঁকেছে। ফলে রফতানিতে ব্যাপক প্রবৃদ্ধি এসেছে। মার্চেও রফতানি ঊর্ধ্বমুখী ছিল। তবে রফতানির পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি।










