প্রতি বছর ১ জুলাই থেকে ইউক্রেনে শস্যের নতুন বিপণন মৌসুম শুরু হয়। চলে পরের বছরের ৩০ জুন পর্যন্ত। সেই হিসাবে গত ১ জুলাই দেশটিতে শস্যের ২০২০-২১ বিপণন মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে শস্য রফতানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় ১১ শতাংশের বেশি কমে ১ কোটি ১৮ লাখ টনের নিচে নেমে এসেছে। ইউক্রেনের মিনিস্ট্রি অব ইকোনমির সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার ও রয়টার্স।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ মৌসুমের প্রথম তিন মাসে ইউক্রেন থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ১৭ লাখ ৮০ হাজার টন শস্য রফতানি হয়েছে, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ১১ দশমিক ২ শতাংশ কম। এর মধ্যে শুধু সেপ্টেম্বরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে রফতানি হয়েছে ৪২ লাখ ৫৮ হাজার টন শস্য।

মূলত গম, ভুট্টা, যব, সূর্যমুখী বীজ রফতানির জন্য ইউক্রেনের খ্যাতি রয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ মৌসুমের প্রথম তিন মাসে ইউক্রেন থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৮২ লাখ টন গম রফতানি হয়েছে। একই সময়ে ইউক্রেন থেকে রফতানি হয়েছে ২৯ লাখ টন যব ও ৬ লাখ ৩১ হাজার টন ভুট্টা।

বৈশ্বিক শস্য বাণিজ্যের প্রায় ১৬ শতাংশ জোগান দেয় ইউক্রেন। ২০১৯-২০ মৌসুমে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫ কোটি ৭২ লাখ টন শস্য রফতানি হয়েছিল। তবে ইউক্রেনের সরকারি পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২০-২১ মৌসুমে দেশটি থেকে শস্য রফতানি আগের মৌসুমের তুলনায় কমে ৪ কোটি ৭৪ লাখ টনে নেমে আসার সম্ভাবনা রয়েছে। মূলত আবাদ ও উৎপাদনে মন্দা ভাব এবারের মৌসুমে দেশটি থেকে শস্য রফতানি কমিয়ে দিতে পারে। কৃষ্ণসাগরীয় অঞ্চলের প্রতিকূল আবহাওয়া ও করোনা মহামারীর জের ধরে এবার ইউক্রেনের শস্য খাতে মন্দার সম্ভাবনা দেখা হচ্ছে।