স্বর্ণ উত্তোলনে নতুন রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। উত্তোলন প্রকল্প বাস্তবায়ন, নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ ও উত্তোলকদের জন্য দেয়া প্রণোদনা বৃদ্ধির কারণে মূল্যবান ধাতুটির উত্তোলন লক্ষণীয় মাত্রায় বেড়েছে। চলতি বছর উত্তোলন আরো বেড়ে দ্বিগুণ হতে পারে।

জিম্বাবুয়ের রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, বিদায়ী বছর সব মিলিয়ে উত্তোলন করা হয়েছে ৩৫ দশমিক ৩৮ টন স্বর্ণ। মূল্যবান ধাতুটির উত্তোলন ২০২১ সালের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

ফিডালিটি গোল্ড রিফাইনারিজের প্রধান নির্বাহী পিটার মাগারামোম্বে বলেন, এ খাতে প্রণোদনা বৃদ্ধি সত্যিকার অর্থেই ভালো প্রতিদান দিয়েছে। উত্তোলন খাতকে আরো সমৃদ্ধ করতে প্রণোদনার এ ধারা অব্যাহত রাখতে হবে।

গত বছর জিম্বাবুয়ে সরকার বৃহৎ স্বর্ণ উত্তোলক কোম্পানিগুলোর জন্য প্রণোদনা বৃদ্ধি করে। অতিরিক্ত উত্তোলনের জন্য প্রতিষ্ঠানগুলোকে ৮০ শতাংশ মূল্য বৈদেশিক মুদ্রায় পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়।

এ প্রণোদনা জারি থাকলে চলতি বছর উত্তোলন বেড়ে দ্বিগুণ হবে বলে প্রত্যাশা করছে জিম্বাবুয়ে। উত্তোলনের পরিমাণ দাঁড়াতে পারে ৬০ টনে, যা বিদায়ী বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।