সদ্যসমাপ্ত বিপণন মৌসুমে ভারতের পাম অয়েল আমদানি ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। তবে সয়াবিন তেল আমদানি ৪৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে, ইন্দোনেশিয়া রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের পর যা রেকর্ড সর্বোচ্চ। মুম্বাইভিত্তিক সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত মাসে ভারতে ২০২১-২২ বিপণন মৌসুম শেষ হয়েছে। এ মৌসুমে দেশটি ৭৯ লাখ টন পাম অয়েল আমদানি করে। এর আগের মৌসুমে আমদানির পরিমাণ ছিল ৮৩ লাখ টন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গত মাসে ভারত পরিশোধিত পাম অয়েল ও অপরিশোধিত সয়াবিন তেলের বেজ আমদানি মূল্য ব্যাপক বাড়িয়েছে। বলা হচ্ছে, দেশটির সরকার রাতারাতি ভোজ্যতেল, স্বর্ণ ও রুপার বেজ আমদানি মূল্য বাড়িয়েছে। এ মূল্যের মাধ্যমে মূলত একজন আমদানিকারককে কী পরিমাণ ট্যাক্স পরিশোধ করতে হয়, তা নিরূপণ করা হয়।
ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক। দেশটি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে সিংগভাগ পাম অয়েল আমদানি করে। সয়াবিন তেল আমদানি করা হয় ব্রাজিল ও যুক্তরাষ্ট্র থেকে। আর সূর্যমুখী তেল আসে ইউক্রেন থেকে।










