লন্ডনের বাজারে প্লাটিনাম ও প্যালাডিয়াম বিক্রিতে রাশিয়ান পরিশোধিত প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে লন্ডন প্লাটিনাম অ্যান্ড প্যালাডিয়াম মার্কেট (এলপিপিএম)। মূলত ইউক্রেনে হামলার প্রতিক্রিয়া স্বরূপ এমন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে রাশিয়া।

বিশ্বে প্রতি বছর যে পরিমাণ প্লাটিনাম সরবরাহ করা হয় তার মধ্যে ১০ শতাংশই উৎপাদন করে রাশিয়া। এছাড়া ২৫-৩০ শতাংশ প্যালাডিয়াম উৎপাদন করে দেশটি।

ধাতব পণ্য দুুটি প্রধানত গাড়ি তৈরিতে ব্যবহার হয়। নির্মাতারা গাড়ি থেকে ক্ষতিকর কার্বন নিঃসরণ কমাতে ধাতু দুটি ব্যবহার করেন। এছাড়া অলঙ্কার ও বিনিয়োগসহ অন্যান্য শিল্প খাতেও প্লাটিনাম ব্যবহার করা হয়।  

এলপিপিএম এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট কমিটি সম্প্রতি রাশিয়ান পরিশোধন প্রতিষ্ঠানগুলোর ভালো সরবরাহ হিসেবে স্বীকৃত তালিকা পুনরায় যাচাই-বাছাই করেছে। মূলত ইউক্রেনে হামলা চালানোর কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, রুশ প্রতিষ্ঠানগুলোর লন্ডনে প্লাটিনাম ও প্যালাডিয়াম বিক্রি স্থগিত করা হবে। পরিশোধিত প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতিও প্রত্যাহার করা হবে।

এদিকে এলপিপিএমের মতো আরেকটি বাণিজ্যিক গ্রুপ লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন (এলবিএমএ)। প্রতিষ্ঠানটি রাশিয়ান স্বর্ণ পরিশোধন প্রতিষ্ঠানগুলোকে মার্চের শুরুতেই তাদের সরবরাহ তালিকা থেকে বাদ দিয়েছে।

অন্যদিকে নিষেধাজ্ঞার ঘোষণায় ধাতব পণ্য দুটির দাম লাফিয়ে বেড়ছে। প্রতি আউন্স প্যালাডিয়ামের মূল্য ২ হাজার ৪৮০ ডলার ৪২ সেন্টে স্থির হয়েছে। দাম বেড়েছে ১১ শতাংশ। এছাড়া প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়েছে।