ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের মোট ৫৪ লাখ ৩৭ হাজার ৬৭২টি শেয়ার গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ছিল ৯৮ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ। এ সময় কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ শতাংশ। সপ্তাহ শুরুর ১৪২ টাকা ৪০ পয়সার শেয়ারটি সপ্তাহ শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ টাকা ১০ পয়সায়। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সি পার্ল বিচ রিসোর্টের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮০ কোটি ৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬৭ কোটি ১০ লাখ টাকা বা ৬ দশমিক ১৮ গুণ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৮ পয়সায়।

এদিকে সমাপ্ত হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৭ কোটি ৭৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ কোটি ২৭ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা।