চীনে আকরিক লোহার দাম ৪ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে ধাতুটির বাজারদর আট মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল। মূলত সৌরবর্ষের ছুটি শেষে আবারো বাণিজ্যে গতি ফিরতে শুরু করায় পণ্যটির দাম বেড়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তথ্য বলছে, ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টন কেনাবেচা হয়েছে ৯৪৫ ইউয়ান বা ১৪৮ ডলার ৪৯ সেন্টে। মহামারীর বাধাবিপত্তি কাটিয়ে ইস্পাত উৎপাদক প্রতিষ্ঠানগুলোয় চাহিদা ঘুরে দাঁড়িয়েছে।

হুয়াতাই ফিউচারসের বিশ্লেষকরা জানান, প্রপার্টি মার্কেটে মন্দা দেখা দেয়ায় কিছুদিন আগেও আকরিক লোহা ও ইস্পাতের ব্যবহার ছিল নিম্নমুখী। তবে বর্তমানে আবারো আকরিক লোহার মজুদ কমতে শুরু করেছে।

স্টিলহোমের দেয়া তথ্য বলছে, ১ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে চীনে আকরিক লোহার মজুদ ছিল ১৫ কোটি ৫৬ লাখ টন। এক সপ্তাহের ব্যবধানে মজুদ ৪০ লাখ টন কমেছে। এছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝির তুলনায় কমেছে ৩ দশমিক ৩ শতাংশ।

হুয়াতাই ফিউচারসের বিশ্লেষকরা জানান, চীন তার অর্থনীতিতে স্থিতি ফিরিয়ে আনবে এবং রিয়েল এস্টেট খাতকে উজ্জীবিত করবে, এমন প্রত্যাশায় আকরিক লোহার চাহিদা বাড়তে শুরু করেছে।