চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এর আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ২৫ শতাংশের বেশি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ডিএসইর মাধ্যমে গতকাল এ প্রতিবেদন প্রকাশ করেছে বীমা খাতের কোম্পানিটি।

প্রতিবেদন অনসুারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫০ পয়সা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৩৮ পয়সা বা ২৫ দশমিক ৩৩ শতাংশ। আর চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৮ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৪ পয়সা।