কভিড সংক্রমণ ঠেকাতে চীনের সাংহাইয়ের ডিজনি রিসোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল প্রতিষ্ঠানটির এ ধরনের ঘোষণায় ওই সময়ে পার্কটিতে অবস্থানরত সব দর্শনার্থীকে নির্দেশনা দেয়া হয়েছে যাতে কভিড টেস্টে নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তারা পার্কের মধ্যেই অবস্থান করে। খবর রয়টার্স।
ডিজনি রিসোর্ট কর্তৃপক্ষের নোটিসে বলা হয়, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিধিবিধান মেনে চলার জন্য সাংহাই ডিজনিল্যান্ড থিম পার্ক, ডিজনিটাউন ও উইশিং স্টার পার্কসহ সাংহাই ডিজনি রিসোর্টগুলো ৩১ অক্টোবর (গতকাল) থেকে বন্ধ হয়ে যাবে। নোটিসে আরো বলা হয়, কার্যক্রম পুনরায় শুরু করার তারিখ পরে জানানো হবে।
সাংহাইয়ের সরকারি কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানিয়েছে, সাংহাইয়ের পার্কটিতে দর্শনার্থীদের প্রবেশ কিংবা প্রস্থান আপাতত বন্ধ থাকবে এবং ভেতরে থাকা সব দর্শনার্থীকে বের হয়ে যাওয়ার আগে কভিড পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। তারা বলছে, যারা ২৭ অক্টোবর থেকে পার্কটিতে পরিদর্শন করেছেন তাদের তিনদিনে তিনবার কভিড-১৯ টেস্ট করাতে হবে।
সাংহাই ডিজনি রিসোর্টের একজন মুখপাত্র বলেছেন, রিসোর্টটি এখনো সীমিত অফার পরিচালনা করছে তবে তারা চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসরণ করছে।
চলতি বছরের শুরুতে সাংহাইয়ের লকডাউনের সময় তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল পার্কটি।










