গম উৎপাদনকারীদের বৈশ্বিক শীর্ষ তালিকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সম্মিলিত অবস্থান বিশ্বে প্রথম। তবে কৃষিপণ্যটির রফতানিকারকদের তালিকায় এসব দেশ সম্মিলিতভাবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। প্রতি বছর ১ জুলাই থেকে ইইউ জোটে কৃষিপণ্যের নতুন বিপণন মৌসুম শুরু হয়। সেই হিসাবে, গত ১ জুলাই থেকে ইইউতে গমের ২০২০-২১ বিপণন মৌসুম শুরু হয়েছে। এবারের মৌসুম শুরুর পর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনসহ ইইউভুক্ত দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যটির রফতানি আগের তুলনায় কমে সাড়ে ২৯ লাখ টনের নিচে নেমে এসেছে। ইউরোপীয় কমিশনের (ইসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।

ইসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২০-২১ মৌসুম শুরুর পর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনসহ ইইউভুক্ত দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২৯ লাখ ৪০ হাজার টন গম রফতানি হয়েছে। ২০১৯-২০ মৌসুমের একই সময়ের তুলনায় এ সময় ইইউভুক্ত দেশগুলো থেকে কৃষিপণ্যটির রফতানি ৪৪ শতাংশ কমেছে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, এবারের মৌসুমে ব্রিটেনসহ ইইউভুক্ত দেশগুলো থেকে সম্মিলিতভাবে ২ কোটি ৮৯ লাখ টন গম রফতানি হতে পারে। এক বছরের ব্যবধানে এসব দেশ থেকে কৃষিপণ্যটির রফতানি কমতে পারে ২৩ দশমিক ২৯ শতাংশ। এর আগের মৌসুমে ব্রিটেনসহ ইইউভুক্ত দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে সম্মিলিতভাবে ৩ কোটি ৬৫ লাখ টন গম রফতানি হয়েছে। ইইউর ইতিহাসে এটাই কৃষিপণ্যটির সর্বোচ্চ রফতানির রেকর্ড।

যব উৎপাদন ও রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক তালিকায় ইইউ শীর্ষ অবস্থানে রয়েছে। ইসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ বিপণন মৌসুম শুরুর পর থেকে গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনসহ ইইউভুক্ত দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৪ লাখ ৫০ হাজার টন যব রফতানি হয়েছে। আগের মৌসুমের একই সময়ের তুলনায় এবার ইইউভুক্ত দেশগুলো থেকে কৃষিপণ্যটির রফতানি কমেছে ১৪ শতাংশ।

এদিকে ভুট্টা আমদানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় ব্রিটেনসহ ইইউভুক্ত দেশগুলোর সম্মিলিত অবস্থান শীর্ষে। এবারের মৌসুম শুরুর পর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজার থেকে ব্রিটেনসহ ইইউভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে ৩২ লাখ ৩০ হাজার টন ভুট্টা আমদানি করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইসি, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কম। এবারের মৌসুমে ব্রিটেনসহ ইইউভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে ২ কোটি ৩০ লাখ টন ভুট্টা আমদানি করতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ৬ দশমিক ৯৮ শতাংশ বেশি।