চলতি বছরের এপ্রিল-অক্টোবর পর্যন্ত রাশিয়া থেকে ভারতের পরিশোধিত ইস্পাত আমদানি ব্যাপক বেড়েছে। দেশটির সরকারের দেয়া তথ্যের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া বিকল্প বাজারে ইস্পাত রফতানি বাড়াচ্ছে। এক্ষেত্রে এগিয়ে ভারত। দেশটি চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাশিয়া থেকে ১ লাখ ৪৯ হাজার টন পরিশোধিত ইস্পাত আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৩৪ হাজার টন বেড়েছে। ভারত যে পরিমাণ ইস্পাত আমদানি করে তার মাত্র ৫ শতাংশ এসেছে রাশিয়া থেকে।
এদিকে অর্থবছরের প্রথম সাত মাসে ভারতের মোট ইস্পাত আমদানি দাঁড়িয়েছে ৩২ লাখ টনে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ১৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়া দেশটিতে ১৩ লাখ টন ইস্পাত রফতানি করেছে। ভারতের ইস্পাত বাজারে দক্ষিণ কোরিয়ার বাজার হিস্যা ৪১ শতাংশ।
দেশটি আমদানির তুলনায় ইস্পাত রফতানি বাড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্যে ইস্পাতের ওপর থেকে রফতানি শুল্ক উঠিয়ে নিয়েছে ভারত। এদিকে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিল্পসংশ্লিষ্টরা। তারা বলছেন, এ উদ্যোগ ভারতের ইস্পাত শিল্পকে আরো প্রবৃদ্ধিতে সহায়তা করবে। বিশেষ করে রফতানিতে গতি ফিরে আসবে।










