সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক বলেছেন, ‘করনীতিতে কিছু পরিবর্তন নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্য করে এ নীতিকে আরো পরিকল্পিতভাবে নির্ধারণ করা উচিত। দীর্ঘমেয়াদী , স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য ধারনা পেলে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন।’
সোমবার (১১ মে) বণিক বার্তা আয়োজিত প্রথম সোনার বাংলা নীতি আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিআইডিএস মহাপরিচালক বলেন, ‘শুধু চলতি বছরের বাজেট সমন্বয় নয়, বরং আগামী ৫ বছরে ট্যাক্স কোথায় যাবে, কীভাবে পরিবর্তিত হবে— এ ধরনের একটি দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। এতে করে বিনিয়োগকারীরা একটি স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য ধারণা পাবেন এবং তারা বিনিয়োগে আগ্রহী হবে। এ ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে কেন্দ্র করে চিন্তাভাবনা করা হলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশি কার্যকর হবে।’










