শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান পদে মো. সানাউল্লাহ সাহিদ ও ভাইস চেয়ারম্যান পদে খন্দকার শাকিব আহমেদকে নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের এ দুই পদের জন্য নির্বাচিত করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী মো. সানাউল্লাহ সাহিদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। পাশাপাশি তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান।
সানাউল্লাহ সাহিদ স্যামসাং ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইলেকট্রা ইন্টারন্যাশনাল, ইলেকট্রা মোবাইল, ইলেকট্রা ফার্নিচার, কাশমীর কেমিক্যাল, সাজাওয়া ব্রাদার্স এবং জলসিঁড়ি ডেইরি ফার্ম অ্যান্ড ফিশারিজের ব্যবসায়িক অংশীদার।
অন্যদিকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী খন্দকার শাকিব আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক। এছাড়া তিনি ওউন দ্য ওয়ার্ল্ড, ওউন দ্য ওয়ার্ল্ড হজ্জ অ্যান্ড ওমরাহ এবং ইনটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
খন্দকার শাকিব আহমেদ আকুয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটসের একজন পরিচালক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের স্পন্সর। পাশাপাশি তিনি মিলেনিয়াম ইনফরমেশন সলিউশনের একজন শেয়ারহোল্ডার ও ইনোভিউ আইটির অংশীদার।
খন্দকার শাকিব আহমেদ তিন দশকের বেশি সময় ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া তিনি ইস্টার্ন ইউনির্ভাসিটি এবং আল-আযহার ইন্টারন্যাশনাল গ্র্যামার স্কুলের গভর্নিং বডির একজন সদস্য। তিনি হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলেরও পরিচালক।










