গত বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ জ্বালানির ব্যবহার হয়েছে। এ সময় দেশটিতে দৈনিক ১০১ দশমিক ৩ কোয়াড্রিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটস (বিটুইউ) জ্বালানি ব্যবহার হয়েছে, যা ২০১৭ সালের তুলনায় ৪ শতাংশ বেশি। আর ২০০৭ সালের রেকর্ড ব্যবহারের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও কয়লা মিলে জীবাশ্মা জ্বালানির ব্যবহার ৪ শতাংশ বেড়েছে। এ সময় দেশটিতে ব্যবহূত মোট জ্বালানিতে জীবাশ্মা জ্বালানির হিস্যা ছিল ৮০ শতাংশ। এর মধ্যে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারও রেকর্ড পরিমাণ বেড়েছে। ২০১৭ সালের তুলনায় এ বছর দেশটিতে জ্বালানিটির ব্যবহার বেড়েছে ১০ শতাংশ। তবে এ সময় কয়লার ব্যবহার কমেছে ৪ শতাংশ। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধির ফলে মোট প্রবৃদ্ধিতে ভারসাম্য এসেছে।
ইআইএর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের
ব্যবহার ছিল ৮ হাজার ৩১০ কোটি ঘনফুট বা কোয়াড্রিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটস গ্যাস ব্যবহার হয়েছে। বিরূপ আবহাওয়াজনিত কারণে শীত ও গ্রীষ্মকালীন উভয় সময় বিদ্যুতের ব্যবহার বেড়েছে। এছাড়া দেশটিতে এ সময় নতুন নতুন প্রাকৃতিক গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার কারণেও এ খাতে জ্বালানিটির ব্যবহার বেড়েছে। ২০১৭ সালের তুলনায় গত বছর বিদ্যুৎ খাতে প্রাকৃতিক গ্যাসের দৈনিক ব্যবহার ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯১০ কোটি ঘনফুটে। এছাড়া আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতেও এ বছর জ্বালানিটির ব্যবহার বেড়েছে যথাক্রমে ১৩, ১০ ও ৪ শতাংশ করে।
এর বাইরে গত বছর যুক্তরাষ্ট্রে পেট্রোলিয়ামের ব্যবহার ২০১৭ সালের তুলনায় দৈনিক প্রায় পাঁচ লাখ ব্যারেল বেড়ে দাঁড়ায় ২ কোটি ৫ লাখ ব্যারেলে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ।









