২০২৪-২৫ মৌসুমে রাশিয়ায় গম উৎপাদন বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া ও ঊর্ধ্বমুখী চাহিদা খাতসংশ্লিষ্টদের উৎপাদন বাড়াতে উৎসাহিত করছে। উৎপাদন বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে শীতকালীন গম। খবর এগ্রিসেনসাস
সংশ্লিষ্টরা জানান, ২০২৪-২৫ মৌসুমে রাশিয়ায় ৯ কোটি ৩৬ লাখ টন গম উৎপাদন হতে পারে। ২০২২-২৩ মৌসুমে যা ছিল ৯ কোটি ২৮ লাখ টন। অনুকূল আবহাওয়ার সুবাদে দেশটির স্থানীয় বিশ্লেষকরা অব্যাহত উৎপাদন পূর্বাভাস সংশোধন করে বাড়াচ্ছেন।
২০২২ সালে রাশিয়ায় ১০ কোটি ৫০ লাখ টন গম উৎপাদন হয়, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ উৎপাদন। সে হিসাবে ২০২৪-২৫ মৌসুমের উৎপাদন হতে যাচ্ছে দ্বিতীয় রেকর্ড সর্বোচ্চ। এ সময় শীতকালীন গম উৎপাদন দাঁড়াবে ৬ কোটি ৭৭ লাখ টনে, যা আগের মৌসুমে ছিল ৬ কোটি ৩৮ লাখ টন। অন্যদিকে বসন্তকালীন উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ২ কোটি ৫৯ লাখ টন।
রাশিয়ান গমের রফতানি অব্যাহত কমছে। সবশেষ গত সপ্তাহেও দরপতন ছিল বাজার। তবে ইউরোপের অন্যান্য গ্রেডের তুলনায় রুশ গমের দাম এখনো বেশি। ফলে প্রতিযোগিতার বাজারে এটি পিছিয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কৃষিপণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান ইকার জানায়, গত সপ্তাহে ফ্রি অন বোর্ড চুক্তিতে (এফওবি) রাশিয়ার ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের মার্চে সরবরাহ চুক্তির দাম ছিল টনপ্রতি ২২৪ ডলার, যা তার আগের সপ্তাহের তুলনায় ৪ ডলার কম।










