পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৯ পয়সা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এ লোকসান হয়েছে ২৮ পয়সা ও তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২২ পয়সা। এর আগের হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির যেখানে ইপিএস হয়েছে যথাক্রমে ৮, ১০ ও ১ পয়সা। গত বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১৩ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ইনটেক লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। আগের হিসাব বছরে এ লোকসান ছিল ৯১ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১ টাকা ৬৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪ টাকা ৫২ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ। আগের হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ১১ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আগের হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৫-১৬ হিসাব বছরের জন্যও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি।

২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের অনুমোদিত মূলধন ১২০ কোটি ও পরিশোধিত মূলধন ৩১ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ কোটি ১৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ২১ হাজার ২২৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ২৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ১৭, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য দশমিক ১২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬০ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৬ টাকা ও ৩৪ টাকা ৬০ পয়সা।