তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে বিক্রয় প্রতিনিধি (সেলস এজেন্ট) হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, চুক্তির আওতায় স্টারলিংকের ইন্টারনেট সেবা প্রদানের জন্য কে অ্যান্ড কিউকে দেশব্যাপী বিক্রয় প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কোম্পানিটির কর্তৃপক্ষ আশা করছে, এ কৌশলগত অংশীদারত্ব আগামী দিনে ব্যবসায়িক কার্যক্রম ও রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কে অ্যান্ড কিউর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭ টাকা ৫৫ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কে অ্যান্ড কিউর ইপিএস হয়েছে ৯ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০১ টাকা ৭২ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কে অ্যান্ড কিউর ইপিএস হয়েছে ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৬ টাকা ৩৩ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কে অ্যান্ড কিউর ইপিএস হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৬ টাকা ১৩ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কে অ্যান্ড কিউর ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯২ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৫ টাকা ৬৪ পয়সায়।

কে অ্যান্ড কিউর সর্বশেষ সার্ভিলেন্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউর অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৪ কোটি ১৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৯ লাখ ৯৩ হাজার ৪৯। এর ৩৫ দশমিক ২৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ২৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৯ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৩৯৯ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৮২ টাকা ১০ পয়সা থেকে ৪৯৮ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।