দুবাইয়ের সৃজনশীল এলাকা হিসেবে পরিচিত ‘দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট’ (ডিথ্রি)। কারণ এটি শিল্পী, ডিজাইনার ও সৃজনশীল পেশাজীবীদের কাজের জায়গা এবং গ্যালারি সমৃদ্ধ। তবে এলাকাটি এখন কেবল অফিস পাড়া বা বাণিজ্যিক গণ্ডি পেরিয়ে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক জনপদে পরিণত হতে যাচ্ছে। সম্প্রতি এ এলাকার জন্য এক উচ্চাভিলাষী মাস্টারপ্ল্যান উন্মোচন করেছে দুবাইয়ের আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেরাস। নতুন পরিকল্পনার মূল লক্ষ্য যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং বাসিন্দাদের জন্য আধুনিক সব নাগরিক সুবিধার একটি সমন্বিত ক্ষেত্র তৈরি করা।

প্রায় ১ দশমিক ৬৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এ মেগা প্রকল্পে ব্যক্তিগত গাড়ির বদলে পথচারীদের চলাচলের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। পুরো পরিকল্পনার মূল আকর্ষণ হলো ‘‌ডিজাইন লাইন’ নামে একটি কেন্দ্রীয় পথ, যা মূলত হাঁটা ও সাইকেল চালানোর জন্য তৈরি করা হয়েছে। এটি ক্যানাল বা খাল ঘেঁষা জনপদটির পাঁচটি এলাকাকে একে অন্যের সঙ্গে যুক্ত করবে। দুবাইয়ের তীব্র গরমেও যেন বাসিন্দারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, সেজন্য পুরো পথেই থাকবে ছায়ার ব্যবস্থা। মূলত পথচারীবান্ধব একটি শহর গড়ে তোলাই মহাপরিকল্পনাটির মূল উদ্দেশ্য।

নতুন পরিকল্পনা অনুযায়ী, দুবাই ডিজাইন ডিস্ট্রিক্টে প্রায় ৬০ হাজার বাসিন্দার জন্য ১৫ হাজার আবাসন ইউনিট তৈরি করা হচ্ছে। তবে এটি কেবল থাকার জায়গা নয়; দুবাই হোল্ডিং রিয়েল এস্টেটের প্রধান নির্বাহী খালিদ আল মালিক একে একটি ‘সমন্বিত জনপদ’ হিসেবে অভিহিত করেছেন। এখানে হাসপাতালের মতো জরুরি সেবা থেকে শুরু করে স্কুল-কলেজ, বিনোদন কেন্দ্র ও কাজের জায়গা সবই থাকবে হাতের নাগালে। ফলে দৈনন্দিন কোনো প্রয়োজনেই বাসিন্দাদের এলাকাটি ছেড়ে অন্য কোথাও যাওয়ার দরকার পড়বে না।

দুবাইয়ের ক্রমবর্ধমান জনসংখ্যা (২০২৪ সালে ৪০ লাখ অতিক্রম করেছে) এবং ক্রমবর্ধমান যানজট নিরসনে আমিরাত সরকার আগামী পাঁচ বছরে ১৭ হাজার কোটি দিরহাম (৪ হাজার ৬০০ কোটি ডলার) ব্যয়ের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে ডিথ্রির এ উন্নয়ন কার্যক্রম বিনিয়োগকারীদের নজর কাড়ছে। এরই মধ্যে শুরু হওয়া ‘ডিজাইন কোয়ার্টার’, ‘অ্যাটেলিস’ ও ‘দি এডিট’-এর মতো লাক্সারি প্রকল্পগুলোয় অ্যাপার্টমেন্টের প্রারম্ভিক মূল্য শুরু হচ্ছে প্রায় ১৮ লাখ ৭০ হাজার দিরহাম থেকে।

প্রকল্পটিতে থাকছে সাংস্কৃতিক কেন্দ্র ‘সোহো’ থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ‘স্যাঙ্কচুয়ারি’। মূলত আধুনিক নির্মাণশৈলী ও পরিবেশবান্ধব শহর পরিকল্পনার এক অনন্য উদাহরণ হতে যাচ্ছে ডিথ্রি। খবর দ্য ন্যাশনাল ও ছবি দুবাই হোল্ডিং রিয়েল এস্টেট