দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিসে আজ সোমবার নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এর মধ্যে এক্সচেঞ্জটির সার্বিক সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে প্রায় অর্ধশত পয়েন্ট হারিয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এসময় পর্যন্ত সবগুলো সূচক কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকটি পয়েন্ট হারাতে থাকে। বেলা ১১টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্টের বেশি কমে ৬ হাজার ২৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ১৬ পয়েন্ট কমে ২ হাজার ২৫২ ও শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২৯২টির আর অপরবর্তিত রয়েছে ৩১টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২১৬ কোটি ৮৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।
অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স বেলা ১১টা পর্যন্ত ৫১ পয়েন্ট কমে ১১ হাজার ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত ছিল ২২টির বাজারদর। আলোচ্য সময়ে সিএসইতে মোট ৩ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।










