চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড ও এসিআই ফরমুলেশনস লিমিটেডের আয় ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে কোম্পানি দুটির পর্ষদ।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে এসিআই লিমিটেডের সমন্বিত আয় হয়েছে ৬ হাজার ৯৩৬ কোটি ২৬ লাখ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৫ হাজার ৬৯৬ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ১ হাজার ২৩৯ কোটি টাকা বা ২২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটি কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৭৪ কোটি ৮২ লাখ টাকা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১৬ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৮ কোটি ৭০ লাখ টাকা বা ৩৬৪ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৭ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪০ টাকা ৬১ পয়সায়।
চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে এসিআই ফরমুলেশনসের সমন্বিত আয় হয়েছে ৩৪৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময় ছিল ৩০১ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ৪৩ কোটি টাকা বা ১৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ৭৩ লাখ টাকা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১৮ কোটি ১৭ লাখ টাকা। সে হিসাবে এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬ কোটি ৫৬ লাখ টাকা বা ৩৬ শতাংশ।










