শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি গতকাল এ সুপারিশ করেছে কোম্পানিটি। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩২ পয়সা। 

আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৯৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৭ জুলাই ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ জুন।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। ২০১৯ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।