ঈদুল আজহার বেশ ক’দিন আগে থেকেই পুঁজিবাজারে নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে। ঈদের পরও গত তিন কার্যদিবস একই ধারায় লেনদেন শেষ হয়েছে। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। এ দিন এক্সচেঞ্জটিতে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ কমে দেড় মাসের সর্বনিম্ন ছিল। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্সে ৯ মিনিট পর্যন্ত পয়েন্ট যোগ হলেও পরে তা কমতে থাকে। দিনশেষে দশমিক ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩২৫ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রবি আজিয়াটা, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিএটিবিসি, আইএফআইসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও ট্রাস্ট ব্যাংকের শেয়ারের।
ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২৭৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৭ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৩৭৮ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৭০২ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবসের চেয়ে গতকাল ১৭ দশমিক ৩ শতাংশ লেনদেন কমেছে ডিএসইতে। এক্সচেঞ্জটিতে গতকালের লেনদেন দেড় মাসের অধিক সময়ের মধ্যে সর্বনিম্ন ছিল। এর আগে চলতি বছরের ২৬ মে গতকালের থেকে কম ৫৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল ডিএসইতে। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৯৮টির আর অপরিবর্তিত ছিল ৫৫টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৭ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। চতুর্থ অবস্থানে থাকা বিবিধ খাতের দখলে ছিল মোট লেনদেনের ১১ দশমিক ৪ শতাংশ। এছাড়া পরের অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল মোট লেনদেনের ৮ দশমিক ১ শতাংশ।
গতকাল পাট খাতের শেয়ারে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে, ১ দশমিক ৮ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে। এছাড়া সেবা খাত থেকে দশমিক ৬ শতাংশ এবং সিমেন্ট ও টেলিযোগাযোগ খাত থেকে দশমিক ৫ শতাংশ হারে ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে গতকাল সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে সাধারণ বীমা খাত থেকে, দশমিক ৮ শতাংশ। এছাড়া বিবিধ ও তথ্যপ্রযুক্তি খাত থেকে দশমিক ৭ শতাংশ হারে এবং বস্ত্র ও ভ্রমণ খাত থেকে দশমিক ৬ শতাংশ হারে নেতিবাচক রিটার্ন এসেছে গতকাল।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে তিতাস গ্যাস, বেক্সিমকো লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, আইপিডিসি, জেএমআই হসপিটাল, পাওয়ার গ্রিড, ফু-ওয়াং ফুড, সান লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ ও মতিন স্পিনিং মিলস লিমিটেড।
এক্সচেঞ্জটিতে দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিডি অটোকারস, জেমিনী সী ফুড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এটলাস বাংলাদেশ, ইস্টার্ন লুব্রিকেন্টস, সানলাইফ ইন্স্যুরেন্স, ডেসকো, ফাইন ফুডস ও শমরিতা হসপিটাল লিমিটেড।
গতকাল ডিএসইতে সবচেয়ে বেশি দর কমার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে এনআরবিসি ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এভেন্স টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং, শ্যামপুর সুগার, ফার্স্ট ফাইন্যান্স, ইয়াকিন পলিমার, কাট্টালী টেক্সটাইল ও মেট্রো স্পিনিং লিমিটেড।
অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল প্রায় ১২ পয়েন্ট কমে ১১ হাজার ১৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ১৫৫ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল প্রায় ২০ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৬১৫ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৭৩টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ১৯ কোটি ৪৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২২ কোটি ৪২ লাখ টাকা।










