ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণে গাজীপুরের ফুলবাড়িয়ায় ২ দশমিক ১ একর বা ২০০ দশমিক ৫০ ডেসিমেল জমি কিনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রেজিস্ট্রেশন ফি, স্থানীয় সরকার ফি ও অন্যান্য খরচসহ এ জমি কিনতে কোম্পানিটির ব্যয় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৯ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ১২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়েও যা ১২ পয়সা ছিল। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৪ দশমিক ৫ শতাংশ নগদ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।