যুক্তরাষ্ট্রে ভুট্টা উৎপাদন কমে আসছে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, চলতি সেপ্টেম্বরে শুরু হওয়া ২০২০-২১ মৌসুমে যুক্তরাষ্ট্রে কৃষিপণ্যটির উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় ৩৮ কোটি বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড) কমতে পারে। শুধু উৎপাদন নয়, ২০২০-২১ মৌসুমে যুক্তরাষ্ট্রে ভুট্টার আবাদ, একরপ্রতি উৎপাদন ও সমাপনী মজুদ—সবকিছুই আগের তুলনায় কমতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স ও এগ্রিমানি।
ইউএসডিএর সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে (চলতি বছরের সেপ্টেম্বর থেকে আগামী বছরের আগস্ট পর্যন্ত) যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ১ হাজার ৪৯০ কোটি বুশেল ভুট্টা উৎপাদন হতে পারে। এক মাস আগে প্রকাশিত ইউএসডিএর আরেক প্রতিবেদনে একই মৌসুমে দেশটিতে মোট ১ হাজার ৫২৮ কোটি বুশেল ভুট্টা উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছিল। সেই হিসাবে নতুন পূর্বাভাসে ২০২০-২১ মৌসুমে যুক্তরাষ্ট্রে কৃষিপণ্যটির উৎপাদন কমানো হয়েছে ৩৮ কোটি বুশেল।
মূলত আবাদ কমানোর কারণে ২০২০-২১ মৌসুমে যুক্তরাষ্ট্রে ভুট্টা উৎপাদন কমে আসার সম্ভাবনা দেখছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলন অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে যুক্তরাষ্ট্রে ৮ কোটি ৪০ লাখ একর জমিতে ভুট্টা উৎপাদনের প্রাক্কলন করা হয়েছিল। নতুন পূর্বাভাসে এর পরিমাণ কমিয়ে ৮ কোটি ৩৫ লাখ একরে নামিয়ে আনা হয়েছে।
কমানো হয়েছে ভুট্টার একরপ্রতি উৎপাদনের প্রাক্কলনও। সাম্প্রতিক পূর্বাভাসে ইউএসডিএ জানিয়েছে, ২০২০-২১ মৌসুমে যুক্তরাষ্ট্রে প্রতি একর জমি থেকে ১৭৮ দশমিক ৫ বুশেল ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আগের পূর্বাভাসে এর পরিমাণ ১৮১ দশমিক ৮ বুশেল প্রাক্কলন করা হয়েছিল।
২০২০-২১ মৌসুম শেষে যুক্তরাষ্ট্রে ভুট্টার সমাপনী মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ২৫০ কোটি ৩০ লাখ বুশেলে। আগের পূর্বাভাসে কৃষিপণ্যটির সম্ভাব্য মজুদের পরিমাণ ২৭৫ কোটি ৬০ লাখ বুশেল প্রাক্কলন করা হয়েছিল।
তবে উৎপাদন কমলেও ২০২০-২১ মৌসুমে যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা রফতানি আগের প্রাক্কলনের তুলনায় বেড়ে ২৩২ কোটি ৫০ লাখ বুশেলে উন্নীত হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ।










