গত বছরের চতুর্থ প্রান্তিকে তাইওয়ানের জিডিপি প্রবৃদ্ধি ছিল ১৩ বছরের সর্বনিম্নে। বৈশ্বিক প্রযুক্তিপণ্যের চাহিদা হ্রাস ও চীনের মতো বৃহৎ বাজারে কভিডসংশ্লিষ্ট অস্থিরতায় ধুঁকেছে বাণিজ্যনির্ভর অর্থনীতিটি। খবর রয়টার্স।
পরিসংখ্যান সংস্থা কর্তৃক বুধবার প্রকাশিত উপাত্তে দেখা গেছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে তাইওয়ানের জিডিপি শূন্য দশমিক ৮৬ শতাংশ সংকুচিত হয়েছে। যেখানে একই বছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক শূন্য ১ শতাংশ।
রয়টার্সের জরিপে যেখানে ১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। ২০০৯ সালের আর্থিক মন্দার সময়ে ১ দশমিক ১৩ শতাংশ সংকোচনের পর ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে রেকর্ড সংকোচনের মধ্য দিয়ে গেছে তাইওয়ানের অর্থনীতি।
চতুর্থ প্রান্তিকে তাইওয়ানের রফতানি বছরওয়ারি কমেছে ৮ দশমিক ৬৩ শতাংশ। ইউক্রেন যুদ্ধ ও চীনের মহামারী পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে এবং সরবরাহ চেইন সংকটের কারণে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে ম্যানুফ্যাকচারাররা। বিভিন্ন যন্ত্রাংশ ও শিল্প উপকরণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভুগেছে তাইওয়ান।
শিগগিরই ২০২২ সালের বিস্তারিত উপাত্তসহ ২০২৩ সালের প্রবৃদ্ধি পূর্বাভাস জানাবে তাইওয়ান।










