পোল্যান্ডের বিদ্যুৎ খাতের সিংহভাগ আসে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো থেকে। তবে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা ও জলবায়ু পরিবর্তনের লাগাম টানার প্রশ্নে সচেতনতা বেড়ে যাওয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ থেকে সরে আসছে ইউরোপের এ দেশটি। পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হস্তক্ষেপ না ঘটলে ২০৩৫ সালের মধ্যে কয়লার ব্যবহারমুক্ত দেশ হতে পারে পোল্যান্ড। তবে দেশটির সরকারের কার্যক্রম দেখে মনে হয় এ লক্ষ্য পূরণের জন্য ২০৬০ সাল পর্যন্ত সময় নিতে পারে পোল্যান্ডের। ফলে কয়লামুক্ত পোল্যান্ড গড়ার স্বপ্ন বাস্তবায়নের সময়সীমা নিয়ে সংশয় তৈরি হয়েছে। খবর ইইউঅবজারভার।
গ্রিন পিসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পোল্যান্ডের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ৯৪ শতাংশ রাষ্ট্রায়ত্ত তিনটি জ্বালানি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর বর্তমান উৎপাদন সক্ষমতা ও কার্যপ্রণালি দেখে মনে হচ্ছে ২০২৫ সালের মধ্যে এগুলো কয়লার ব্যবহার বন্ধ করতে সক্ষম হবে; যদি এরই মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপের ঘটনা না ঘটে।
তবে পোল্যান্ডের বিদ্যুৎ উৎপাদন খাতে কয়লার ব্যবহার নিয়ে সরকারি হস্তক্ষেপের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশটির সরকার ২০৪০ সাল পর্যন্ত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ভর্তুকি কার্যক্রম চালিয়ে নেয়ার পরিকল্পনা করছে—এরই মধ্যে এমন খবর প্রকাশ পেয়েছে পোলিশ গণমাধ্যমে।
এমনকি পোল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী জাসেক সাসিন সম্প্রতি মন্তব্য করেছেন, পোল্যান্ডের জ্বালানি খাতের ৭০ শতাংশ জোগান দেয় কয়লা। এ খাতে জ্বালানির অন্যতম উৎস হিসেবে কয়লার ব্যবহার ২০৬০ সাল অবধি অব্যাহত থাকতে পারে। আমাদের বিভিন্ন বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে।
তার এমন মন্তব্যের পর পরই কয়লার ব্যবহার বন্ধে পোলিশ সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ ও সদিচ্ছা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গ্রিন পিস বলছে, কয়লার ব্যবহার বন্ধে পোল্যান্ড সরকার পিছু হটতে শুরু করেছে। দেশটি অনেক বেশি সময় নিচ্ছে। এতে জলবায়ু পরিবর্তনের লাগাম টানতে দেশটির সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠেছে।










