বিশ্বজুড়ে ৬ লাখ ৩৪ হাজার ইউনিট স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফোর্ড। ধারণা করা হচ্ছে, গরম ইঞ্জিনে জ্বালানি ছাড়িয়ে ভাঙা ফুয়েল ইনজেক্টর অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। খবর এপি।
বিক্রির দিক থেকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০-২৩ মডেল বছর পর্যন্ত ব্রোনকো স্পোর্ট ও ইস্কেপ এসইউভিগুলো এ প্রত্যাহারে অন্তর্ভুক্ত। তবে সংস্থাটি গাড়িমালিকদের গাড়িগুলো চালানো বন্ধ কিংবা বাড়ির বাইরে পার্ক করার সুপারিশ করেনি। কারণ ইঞ্জিন বন্ধ থাকলে সাধারণত অগ্নিকাণ্ড ঘটে না।
ফোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত গাড়িগুলোয় ২০টি আগুন লাগার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনটি ঘটনায় আগুন ছড়িয়ে পড়েছিল। এছাড়া চারটি ঘটনায় গাড়ির ইঞ্জিন বন্ধ করার পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজন আহত হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
তবে এখনই এ সমস্যা মেরামত করা হবে না। বিষয়টি নিয়ে কাজ চলমান থাকার কথা জানিয়েছে সংস্থাটি। এরপর ডিলারের মাধ্যমে গাড়িগুলো মেরামতের ব্যবস্থা নেয়া হবে। সংস্থাটির গ্রাহক অভিজ্ঞতা বিভাগের নির্বাহী পরিচালক জিম আজুজ একটি বিবৃতিতে বলেন, মালিকরা পছন্দের ডিলারের মাধ্যমে এ সমস্যা মেরামতের ব্যবস্থা করবে। আগামী ১৯ ডিসেম্বর থেকে চিঠির মাধ্যমে গাড়িমালিকদের বিষয়টি অবহিত করা শুরু হবে। তারা এসইউভিগুলো ডিলারের কাছে নিয়ে গেলেই বিনামূল্যে মেরামত করে দেয়া হবে। ডিলাররা ফুয়েল ইনজেক্টরগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রয়োজনে সেগুলো পরিবর্তন করে দেবে।
ফোর্ড জানিয়েছে, ভাঙা ফুয়েল ইনজেক্টরগুলোর জন্য ১৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি প্রসারিত করা হয়েছে। ডিলাররা যানবাহনের ইঞ্জিন-নিয়ন্ত্রণ সফটওয়্যার হালনাগাদ করে দেবে। এটি ভাঙা ইনজেক্টর শনাক্ত করবে। এ পরিষেবা পেতে গাড়িচালকরা ড্যাশবোর্ডে একটি বার্তা পাবেন। সবক্ষেত্রে ইনজেক্টর পরিবর্তন করা হবে না। পরিবর্তে জ্বালানি নিষ্কাশনের জন্য একটি টিউব লাগিয়ে দেয়া হবে।










