বাজার মূলধনের ভিত্তিতে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) মধ্যে শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এতদিন বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষে থাকা কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সকে গতকাল ছাড়িয়ে যায় আইপিডিসি। এনবিএফআইগুলোর মধ্যে বাজার মূলধনের দিক দিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স ও ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড।
গতকাল আইপিডিসির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালে আইপিডিসির রিব্র্যান্ডিং হয় এবং সেই সময় থেকে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, নারীর ক্ষমতায়ন, তরুণদের উৎসাহিতকরণ ও সুবিধাবঞ্চিত শ্রেণীর আর্থিক অন্তর্ভুক্তিকরণের প্রতি জোর দেয় আইপিডিসি। কৌশলগত পরিবর্তনের পর থেকে আইপিডিসি নিয়মিতভাবে প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয় এবং প্রায় সব সূচকেই ইতিবাচক ফল পেতে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল আইপিডিসি বাজার মূলধনের ভিত্তিতে দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সকে ছাড়িয়ে গিয়েছে। এ সময় আইপিডিসির শেয়ারদর দাঁড়িয়েছে ৫৬ টাকা ৬০ পয়সায় এবং বাজার মূলধন ২ হাজার ১০০ কোটি ৩০ লাখ টাকা। একই সময়ে আইডিএলসির বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৫৭ কোটি ৭০ লাখ টাকায়। গত সাত বছরে আইপিডিসির বাজার মূলধনের ১০ গুণ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির ঋণ বেড়েছে ১২ গুণ আর গ্রাহকের আমানত বেড়েছে ১৩ গুণ।
পরিশোধিত মূলধন আইডিএলসির চেয়ে কম হওয়া সত্ত্বেও বাজার মূলধনে আইপিডিসির এগিয়ে যাওয়ার পেছনে আছে গত পাঁচ বছরে প্রায় সব সূচকে কোম্পানিটির সাফল্য। এ সময়ে ঋণ, আমানত, আয় ও মুনাফায় আইপিডিসি বেশ বড় রকমের প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। ২০২১ সালের শেষ পর্যন্ত আইপিডিসির ঋণ পোর্টফোলিওর আকার ছিল ৬ হাজার ৫৩২ কোটি ৭০ লাখ টাকা। আমানত পোর্টফোলিও দাঁড়িয়েছে ৬ হাজার ৪০ কোটি ৫০ লাখ টাকা। আয় হয়েছে ৩৪৪ কোটি ৫০ লাখ টাকা ও মুনাফা ছিল ৮৮ কোটি ১০ লাখ টাকা। আইপিডিসির এ সাফল্যে মূল ভূমিকা রেখেছে ক্রমাগত উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ, সৃজনশীল প্রচারণা এবং নিবেদিতপ্রাণ কর্মী বাহিনী ও একনিষ্ঠ গ্রাহকরা। এসব বিষয় বিনিয়োগকারীদের মধ্যে আইপিডিসি সম্পর্কে একটি
ইতিবাচক ধারণা তৈরি করতে সক্ষম হয়েছে। এ কারণে বাজার মূলধনের ভিত্তিতে দেশের সেরা আর্থিক প্রতিষ্ঠান হয়েছে আইপিডিসি।










