আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উদযাপন উপলক্ষে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা আঞ্চলিক কমিটি (ডিআরসি) আগামী ৭ নভেম্বর ঢাকার হাতিরঝিলে আয়োজন করতে যাচ্ছে বিশেষ দৌড় ইভেন্ট ‘অ্যাকাউন্টিং ডে রান ২০২৫’।

এ ইভেন্টকে সামনে রেখে বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ইভেন্টের টি-শার্ট ও মেডেল উন্মোচন করা হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিএবির সভাপতি এন কে এ মবিন, ডিআরসি চেয়ারম্যান মাহমুদুর রহমান, রেস পরিচালক আসিফুর রহমান, ইভেন্ট আহ্বায়ক এস কে. মো. তারিকুল ইসলাম, ডিআরসি সম্পাদক মো. আকিজুর রহমান এবং ডিআরসি সদস্য মো. মাকসুদুর রহমান ও মো. কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

আয়োজকদের মতে, ‘ফিটনেস মিটস অ্যাকাউন্টিং’ এই মূল ধারণাকে সামনে রেখে প্রথমবারের মতো দৌড় প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য স্বাস্থ্য, সুস্থতা ও কাজ-জীবনের ভারসাম্য বিষয়ে সচেতনতা তৈরি করা। তারা জানিয়েছেন, অর্থনীতি ও সমাজকে এগিয়ে নিতে হিসাববিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে কাজের চাপ ও মানসিক চাপের কারণে ব্যক্তিগত সুস্থতা অনেক সময় ব্যাহত হয়। তাই আমরা এই আয়োজনের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিতে চাই।

ইভেন্টে দুইটি বিভাগ থাকবে—৭ দশমিক ৫ কিলোমিটার ও ১ কিলোমিটার। এসব বিভাগে মোট ১ হাজার ৮০০ এর বেশি প্রতিযোগী অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন শীর্ষস্থানীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তাদের পরিবার, শিক্ষার্থী, কর্পোরেট পেশাজীবী ও দৌড়প্রেমীরা। অন্যদিকে ১ কিলোমিটার বিভাগটি বিশেষভাবে শিশু ও মায়েদের জন্য রাখা হয়েছে, যেখানে ২০০-এর বেশি শিশু মায়ের সঙ্গে অংশ নেবে।

ম্যারাথনটি ভোর ৫টা ৩০ মিনিটে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের সামনে থেকে শুরু হয়ে পুরো হাতিরঝিল প্রদক্ষিণ করে আবার অ্যাম্ফিথিয়েটারের সামনে শেষ হবে।

ইভেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় দৌড়বিদ ও সেলিব্রিটিরা। যেমন— আয়রনম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, শিক্ষাবিদ আয়মান সাদিক, ট্রেইনার সাজ্জাদ হোসেন স্নিগ্ধ এবং আল্ট্রারানার এম. মাহফুজুল হক।

এছাড়া, ৫ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে কিট এক্সপো। সেদিন দুপুর ১টায় আইসিএবির কাউন্সিল সদস্যরা এই এক্সপোর উদ্বোধন করবেন এবং সেখানে প্রতিযোগীদের মধ্যে রেস কিট ব্যাগ বিতরণ করা হবে।

ইভেন্টের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে স্প্রিন্ট, সিটি ব্যাংক, বিকাশ, শাহ সিমেন্ট, ট্রান্সকম ও ডিবিএল সিরামিক্স। অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান হলো প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, এসএমসি প্লাস, গ্লুকোম্যাক্স-ডি, ইস্পাহানি, স্প্রাইট, সিসিআই বাংলাদেশ, রুচি, আরাম, হরলিক্স, ম্যাগী স্যুপ, ডেটল, জিরোক্যাল, মাইলো, নেসক্যাফে, লাভেলো আইসক্রিম, গিগাবাইট ও ইবনে সিনা।

মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক সমকাল, দ্য ডেইলি স্টার ও যমুনা টেলিভিশন।

—বিজ্ঞপ্তি