অবকাঠামো খাতের বিনিয়োগ কোম্পানি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্সকে (জিআইপি) অধিগ্রহণ করবে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ কোম্পানি ব্ল্যাকরক। এ লক্ষ্যে কোম্পানি দুটি ১ হাজার ২৫০ কোটি ডলারের একটি চুক্তি করেছে। পদক্ষেপটি বেসরকারি বিনিয়োগের বাজারে বড় ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
জিআইপির ব্যবস্থাপনায় প্রায় ১০ হাজার ৬০০ কোটি ডলারের সম্পদ রয়েছে। এটিকে অধিগ্রহণ করার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অবকাঠামো ব্যবস্থাপক প্রতিষ্ঠান হয়ে উঠবে ব্ল্যাকরক। পাশাপাশি বিকল্প ব্যবসায় কোম্পানিটির নেতৃত্বকে আরো শক্তিশালী করবে। এক্ষেত্রে ব্ল্যাকরকের আগে রয়েছে শুধু ম্যাককুয়ারি।
জিআইপির প্রধান সম্পদগুলোর মধ্যে রয়েছে সিডনি অ্যান্ড লন্ডন গ্যাটউইক এয়ারপোর্টস, পোর্ট অব মেলবোর্ন অ্যান্ড সুয়েজ ওয়াটার গ্রুপ, এক্সটেনসিভ গ্রিন এনার্জি হোল্ডিং ও একটি বড় শেল ওয়েল পাইপলাইনের শেয়ার।
ব্ল্যাকরক তাদের চেয়ারপারসন এডিবায়ো ওগানলেসিসহ জিআইপির ছয় প্রতিষ্ঠাতাকে ৩০০ কোটি ডলার ও নিজস্ব শেয়ারের ১ কোটি ২০ লাখ ডলার দেয়ায় সম্মত হয়েছে।
শেয়ারের মধ্যে ৭০ লাখ ডলার চুক্তির সময় হস্তান্তর করা হবে। বাকি ৫০ লাখ ডলার দেয়া হবে পাঁচ বছরের মধ্যে।
জিআইপি প্রধানরা তাদের ৪০০ কর্মচারীদের মধ্যে কিছু লভ্যাংশ বিতরণ করতে চান। গ্রুপটি সম্মিলিতভাবে ব্ল্যাকরকের দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার হয়ে উঠবে।
ব্ল্যাকরকের প্রতিষ্ঠাতা ল্যারি ফিঙ্ক জানান, তিনি বার্কলেস থেকে বিজিআই (বিনিয়োগ প্রতিষ্ঠান) কেনার জন্য একটি রূপান্তরমূলক চুক্তির জন্য খোলাখুলিভাবে কাজ করছেন, যা ব্ল্যাকরককে ব্যাপক বিনিয়োগের ক্ষেত্রে একটি প্রভাবশালী অবস্থান তৈরি করে দেবে। একই সঙ্গে এটিকে বিশ্বের অন্যতম বড় অর্থ ব্যবস্থাপক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
ডিকার্বনাইজেশন, জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ কেন্দ্রের মতো দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চায় ব্ল্যাকরক।










