খেজুরের দাম কমাতে শুল্ক ও অগ্রিম কর হ্রাস করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রমজান মাসে খেজুরকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে খেজুর আমদানির ওপর বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে হ্রাস করে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে হ্রাস করে ৩ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করে অর্থাৎ মোট করভার ৬৩.৬০ শতাংশ থেকে হ্রাস করে ৩৮.৭০ শতাংশ নির্ধারণ করেছে এনবিআর।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এনবিআরের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

খেজুর আমদানিতে শুল্ক ও কর হ্রাসের ফলে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা থেকে ১০০ টাকা হ্রাস পেতে পারে। এর ফলে খেজুরের আমদানি বৃদ্ধি, বাজারে খেজুরের সরবরাহ বৃদ্ধি এবং খেজুরের বিক্রয় মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে।