আলিফ গ্রুপের কাছে তারল্য সংকটে থাকা বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের (বিডি ওয়েল্ডিং) শেয়ার বিক্রি নিয়ে জটিলতার মুখে পড়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। মূলত জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিনিষেধ থাকায় এ জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে ছাড় চেয়ে কমিশনের কাছে আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি। এ কারণে শেয়ার বিক্রির প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আইসিবি ও আলিফ গ্রুপের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
চলতি বছরের ২৮ জুলাই আইসিবির কাছে থাকা বিডি ওয়েল্ডিংয়ের ১ কোটি ৮ লাখ ৪০ হাজার বা ২৫ দশমিক ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য আইসিবির সঙ্গে চুক্তি করে আলিফ গ্রুপ। এক্ষেত্রে বিডি ওয়েল্ডিংয়ের প্রতিটি শেয়ার ১৫ টাকা ৮৮ পয়সা দরে আইসিবির কাছ থেকে কেনার কথা ছিল আলিফ গ্রুপের। তবে এ বিষয়ে অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করা হলে কমিশন সেটি নাকচ করে দেয়। কারণ কমিশনের নির্দেশনা অনুসারে, জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা নিজেদের মধ্যে ছাড়া অন্য কারো কাছে তাদের শেয়ার বিক্রি করতে পারবে না। বিডি ওয়েল্ডিং জেড ক্যাটাগরির কোম্পানি এবং আইসিবি কোম্পানিটির পর্ষদে পরিচালক হিসেবে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই কমিশনের নির্দেশনা অনুসারে আলিফ গ্রুপের কাছে আইসিবির কাছে থাকা বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার বিক্রির সুযোগ নেই।
জানতে চাইলে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন বণিক বার্তাকে বলেন, আলিফ গ্রুপের কাছে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার বিক্রির জন্য আমরা কমিশনের কাছে অনুমোদন চেয়েছিলাম। কিন্তু জেড ক্যাটাগরির কোম্পানির ক্ষেত্রে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার নিজেদের বাইরে বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় কমিশন এক্ষেত্রে অনুমোদন দেয়নি। তবে যদি আলিফ গ্রুপ বাজার থেকে বিডি ওয়েল্ডিংয়ের ২ শতাংশ শেয়ার কিনে পর্ষদে আসে, তখন তাদের কাছে শেয়ার বিক্রির ক্ষেত্রে কোনো বাধা নেই। আমরা তাদের এ পরামর্শ দিয়েছি। এর আগে আলিপ গ্রুপের সঙ্গে স্বাক্ষর করা চুক্তির মেয়াদ গত মাসে শেষ হয়ে যাওয়ার কারণে এটিকে বাড়িয়ে আগামী বছরের মার্চ পর্যন্ত করা হয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশনের পক্ষ থেকেও বাজার থেকে শেয়ার কিনে আলিফ গ্রুপকে বিডি ওয়েল্ডিংয়ের পর্ষদে আসার পর আইসিবির কাছ থেকে শেয়ার কেনার পরামর্শ দেয়া হয়েছে। তবে একসঙ্গে বাজার থেকে ২ শতাংশ শেয়ার কেনা হলে বাজারে কোম্পানিটির শেয়ারদরে প্রভাব পড়তে পারে। এজন্য আলিফ গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে ব্লক মার্কেটে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার কেনার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
আলিফ গ্রুপের এক কর্মকর্তা জানান, বিডি ওয়েল্ডিং ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ও ওয়েল্ডিং ইলেকট্রোডস উৎপাদন করে। বাজারে কোম্পানিটির পণ্যের ভালো চাহিদা রয়েছে। কোম্পানিটির কারখানা সংস্কার করে আবার চালু করা গেলে এটি একটি ভালো বিনিয়োগ হবে বলে আমরা মনে করছি। পাশাপাশি দীর্ঘদিন ধরে










