এশিয়ার দেশগুলোর মধ্যে প্রাকৃতিক রাবার বেচাকেনার সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য কেন্দ্র জাপান ও চীন। জাপানের বাজারে প্রাকৃতিক রাবারের দাম কমতে শুরু করেছে। অন্যদিকে চীনে পণ্যটির দাম আগের তুলনায় বেড়েছে। খবর রয়টার্স ও নিক্কেই এশিয়ান রিভিউ।

জাপানের ওসাকা কমোডিটি এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে ২০২১ সালের জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি কেজি প্রাকৃতিক রাবারের দাম দাঁড়িয়েছে ১৭৩ দশমিক ৩ ইয়েনে (জাপানি মুদ্রা), যা আগের দিনের তুলনায় কেজিতে ১ দশমিক ৭ ইয়েন কম। একদিনের ব্যবধানে পণ্যটির দাম কমেছে ১ শতাংশ।

এর মধ্য দিয়ে ওসাকা এক্সচেঞ্জে টানা দুই সপ্তাহ ধরে প্রাকৃতিক রাবারের দাম কমতির দিকে রয়েছে। এ ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে পণ্যটির দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কমেছে।

অন্যদিকে একই দিন চীনের সাংহাই কমোডিটি এক্সচেঞ্জে ২০২১ সালের জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি টন প্রাকৃতিক রাবারের দাম দাঁড়িয়েছে ১২ হাজার ৩৮০ ইউয়ানে (চীনা মুদ্রা), যা আগের দিনের তুলনায় টনপ্রতি ১০ ইউয়ান বেশি।