দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সার্বিকভাবে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক ও গড় লেনদেন বেড়েছে। এ সময়ে এক্সচেঞ্জটিতে সেবা ও আবাসন খাত এবং আর্থিক প্রতিষ্ঠান খাত থেকে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সব সূচক ও গড় লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রার অস্থিরতা নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টা ও সরকারের বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম নির্ধারণের ঘোষণার পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানির খবরও গত সপ্তাহে পুঁজিবাজারের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে হঠাৎ করেই ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক লক্ষ করা গিয়েছে। কিন্তু রাশিয়ার থেকে তেল আমদানির খবরে আস্থা ফিরে পেয়েছেন তারা। এসব কারণে গত সপ্তাহে সার্বিকভাবে পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গিয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১১৩ দশমিক ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। সূচকটির বর্তমান অবস্থান ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ২৪১ পয়েন্টে। সূচকের উত্থানে গত সপ্তাহে সবচেয়ে বেশি অবদান ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইপিডিসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ারের।
ডিএসইর অন্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৪৭ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ১৩ শতাংশ বেড়ে ২ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ২২০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ২৪ দশমিক ২৩ পয়েন্ট বা ১ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত ছিল ৮৪টির। এছাড়া লেনদেন হয়নি ৬টির।
ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৬ হাজার ৯৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের তিন কার্যদিবসে লেনদেন ছিল ২ হাজার ৮৩৮ কোটি টাকা। সে হিসাবে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৪ হাজার ৯৫ কোটি টাকার বেশি বা ১৪৪ দশমিক ২৬ শতাংশ। তবে গত সপ্তাহে এক্সচেঞ্জটির গড় লেনদেন বেড়েছে ৪৪০ কোটি টাকার বেশি বা ৪৬ দশমিক ৫৬ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ১ হাজার ৩৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৯৪৬ কোটি টাকা।
গত সপ্তাহে এক্সচেঞ্জটির খাতভিত্তিক লেনদেনে শীর্ষে রয়েছে বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৮০ শতাংশ ছিল খাতটির দখলে। ১৩ দশমিক ৪০ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। এ খাতের দখলে রয়েছে গত সপ্তাহের মোট লেনদেনের ১২ দশমিক ৬০ শতাংশ। ৯ দশমিক ৬০ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। পরের অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে রয়েছে মোট লেনদেনের ৭ দশমিক ৫০ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে সেবা ও আবাসন খাত থেকে, ১১ দশমিক ২০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ৬ দশমিক ১০ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাত থেকে। তৃতীয় অবস্থানে থাকা কাগজ ও মুদ্রণ খাত থেকে এসেছে ৫ দশমিক ৪০ শতাংশ ইতিবাচক রিটার্ন। এছাড়া জীবন বীমা খাত থেকে ৪ দশমিক ৫০ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাত থেকে ২ দশমিক ৪০ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে গত সপ্তাহে। অন্যদিকে গত সপ্তাহে কেবল মিউচুয়াল ফান্ড খাত ও বিবিধ খাত থেকে শূন্য দশমিক ২০ শতাংশ হারে নেতিবাচক রিটার্ন এসেছে।
গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি টাকায়। যেখানে সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ১০৯ কোটি টাকায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ১৩১ কোটি টাকার বেশি বা ১ দশমিক শূন্য ১ শতাংশ।
অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৪৯ শতাংশ বেড়ে প্রায় ১৮ হাজার ৬৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৩৭০ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ১ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১১ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৬ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৪৩ লাখ টাকা। আগের সপ্তাহের তিন কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬৩ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০৩টির, অপরিবর্তিত রয়েছে ৮৩টির।










