গত ডিসেম্বরে যুক্তরাজ্যে বিমান টিকিটের দাম বেড়েছে ৪৪ দশমিক ১ শতাংশ, গত শতকের আশির দশকের পর যা সর্বোচ্চ। দেশটির পরিসংখ্যান বিভাগের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

জ্বালানির উচ্চমূল্য ও ফ্লাইট চাহিদা বৃদ্ধিতে বিমান টিকিটের মূল্য চার দশকের সর্বোচ্চে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগ আরো জানায়, গত ডিসেম্বরে ট্রেনের টিকিটের দাম ১৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। রেলওয়ে কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে ট্রেন টিকিটের দাম বাড়াতে বাধ্য হয়েছে ব্রিটিশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে বছরের শেষ মাসে সড়কে গণপরিবহন ভাড়া ১১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বছরের শেষ মাসে দেশটির মূল্যস্ফীতি কিছুটা কমে ১০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। নভেম্বরের ১০ দশমিক ৭ শতাংশ থেকে কিছুটা কমলেও এখনো দেশটির মূল্যস্ফীতি চার দশকের সর্বোচ্চে।