রোবোট্যাক্সি পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে জেনারেল মোটরসের (জিএম) সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ক্রুজ। চলতি বছরের মধ্যেই অ্যারিজোনা ও টেক্সাসের নতুন বাজারে এ পরিষেবা চালু করবে স্বচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর এপি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কাইল ভোট বলেন, সম্প্রতি সানফ্রান্সিসকোয় স্বচালিত গাড়ির রাইড-হেলিং পরিষেবা চালু করা হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে অ্যারিজোনার ফিনিক্স ও টেক্সাসের অস্টিনে এ পরিষেবা বিস্তৃত করা হবে। বর্তমানে সানফ্রান্সিসকোয় রাতের বেলায় এ গাড়ি পরিষেবা দেয়। সংস্থাটি এমন গাড়িতে যাত্রী পরিবহন করে, যেখানে রোবোটিক প্রযুক্তির ত্রুটি দেখা দিলেও সেখানে কোনো নিরাপত্তা চালক থাকে না।

এর আগে চলতি মাসের শুরুতে একটি দুর্ঘটনার পর ৮০টি স্বচালিত গাড়ি প্রত্যাহারের ঘোষণা দেয় ক্রুজ। সংস্থাটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানিয়েছিল, একটি স্বচালিত গাড়ি অনিরাপদভাবে বাঁ দিকে মোড় নেয়ার সময় সামনে থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।