বাংলাদেশে সফট ড্রিঙ্কসের বাজার ছোট হলেও এ খাতে বিশ্বের সর্বোচ্চ করহার রয়েছে বলে মন্তব্য করেছেন কোকা কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান।

সোমবার (১১ মে) বণিক বার্তা আয়োজিত প্রথম সোনার বাংলা নীতি আলোচনায় তিনি বলেন, ‘বাংলাদেশে সফট ড্রিঙ্কসের বাজার তুলনামূলক ছোট। কিন্তু এ খাতে আমরা বিশ্বের সর্বোচ্চ কর দিচ্ছি। অর্থাৎ মাথাপিছু বাজার সবচেয়ে ছোট হলেও করহার সবচেয়ে বেশি।’

তিনি আরো বলেন, ‘গত তিন বছর এ খাতে ধারাবাহিকভাবে কর বাড়ানো হয়েছে। এ খাত নিয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি প্রয়োজন এবং কীভাবে দীর্ঘমেয়াদি কর পরিকল্পনার মাধ্যমে এগোনো যায়, সেটি নির্ধারণ করা দরকার।’