চলতি বছরের আগস্টে মালয়েশিয়ায় প্রাকৃতিক রাবার (এনআর) উৎপাদন আগের মাসের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। এ মাসে সব মিলিয়ে ৩৬ হাজার ৪১১ টন রাবার উৎপাদন হয়। জুলাইয়ে এর পরিমাণ ছিল ৩৭ হাজার ৮৪৩ টন। মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ (ডিওএসএম) এ তথ্য জানিয়েছে।

এদিকে শুধু মাসভিত্তিকই নয়, বছরভিত্তিক উৎপাদনও কমেছে। গত বছরের আগস্টের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ কম উৎপাদন হয়েছে। ওই সময় উৎপাদনের পরিমাণ ছিল ৪২ হাজার ৯৪২ টন।

ডিওএসএম জানায়, চলতি বছরের আগস্টে মালয়েশিয়ার রাবার উৎপাদনে শিল্প খাতের তুলনায় ক্ষুদ্র মালিকানাধীন খাত সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। রাবার উৎপাদনে এ খাতের অবদান ৮৭ দশমিক ৫ শতাংশ। যেখানে শিল্প খাতের অবদান ১২ দশমিক ৫ শতাংশ।

জুলাইয়ের তুলনায় আগস্টে মোট মজুদের পরিমাণ ৮ দশমিক ১ শতাংশ কমে ২ লাখ ৯ হাজার ৪৯১ টনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানগুলোয় ৯১ দশমিক ৬ শতাংশ মজুদ ছিল।